# Tags

আলীকদমে বিজিবি ও বন বিভাগের যৌথ অভিযান: কাঠসহ ড্রামট্রাক জব্দ

বেলাল আহমদ, লামা (বান্দরবান) প্রতিনিধি:বান্দরবানের আলীকদমে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৭ বিজিবি) ও বন বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠসহ একটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়েছে।

১২ জুলাই (রবিবার) সকালে উপজেলার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
​আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সূত্রে জানা যায়, রবিবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে আলীকদম থেকে অভিনব কায়দায় অবৈধ কাঠ পাচারের গোপন সংবাদ পায় বিজিবি। এই খবরের ভিত্তিতে ৫৭ বিজিবির একটি চৌকষ আভিযানিক দল এবং স্থানীয় বন বিভাগের একটি টিম যৌথভাবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সংলগ্ন রাস্তার উত্তর পাশে অভিযান পরিচালনা করে।

​অভিযানকালে ওই এলাকায় একটি পরিত্যক্ত ট্রাক তল্লাশি করে ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মোট ৯৮.১৯ ঘনফুট অবৈধ গোদা লগ কাঠ উদ্ধার করা হয়। একই সাথে কাঠ পাচারে ব্যবহৃত ডাম্পার ট্রাকটি (চট্টগ্রাম লট-৮৮) জব্দ করে যৌথ বাহিনী। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

​বিজিবি জানায়, জব্দকৃত অবৈধ কাঠ এবং ট্রাকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলোকে আলীকদম উপজেলা বন বিভাগের তৈন রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
​এ বিষয়ে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালানের বিরুদ্ধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে। দেশের সম্পদ রক্ষায় এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের নিরবচ্ছিন্ন যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।